কক্সবাজার উখিয়ায় হোয়াইক্যং চেকপোস্টে ৩০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

 

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশিতে সিএনজি যোগে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির মাদক শনাক্তকারী কুকুর ‘জ্যাক’ সিএনজির যাত্রী আসনের নিচে লুকানো খাকি কাগজে মোড়ানো নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেট শনাক্ত করে। পরে সেখান থেকে মোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি উখিয়া থানাধীন উত্তর বড় বিল (পাগলির বিল) এলাকার বাসিন্দা বশির আহমদের ছেলে মো. রাসেল উদ্দীন (২০)। তল্লাশিতে ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক ইয়াবাগুলো হ্নীলা থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, সিএনজি ও অন্যান্য আলামতসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে—যার ফলে টেকনাফ ও উখিয়া এলাকায় জনমনে স্বস্তি ও আস্থা বাড়ছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page