আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাচালানি ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর আওতাধীন বিভিন্ন সীমান্ত বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের পাঁচটি পৃথক পয়েন্ট থেকে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
কলারোয়ার কেড়াগাছি এলাকা থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী ছয়ঘরিয়া এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ওষুধ, বৈকারী আমবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ওষুধ, কলারোয়ার মাদরা চাঁন্দামাঠ এলাকা থেকে ৫২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং সুলতানপুর তালশারি এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি।
জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য ৯ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় ওষুধ ও বস্ত্র শিল্প। জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, মাদক ও চোরাচালানবিরোধী এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকলে মাদক ও চোরাচালান অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং তরুণ সমাজ সুরক্ষিত থাকবে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানিয়েছে, দেশের জনস্বার্থ, সীমান্ত নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।