সম্পত্তি নিয়ে বিরোধের জের বসতঘরে হামলা-ভাঙচুর, মালামাল লুটের অভিযোগ

 

এইচ.এম আল-আমিন, স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক গৃহবধূর বসতঘরে রাতের আধারে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী গৃহবধূ লাইজু আক্তারের বড় ভাই মিল্লাত হোসেন জানান, ওয়ারিশি সূত্রে প্রাপ্ত আট শতক জমিতে বসতঘর নির্মাণ করে তার বোন লাইজু দীর্ঘদিন বসবাস করে আসছিল। কিন্তু ওই জমি নিয়ে মামাদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন স্বামীসহ লাইজু এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই বিরোধের ধরে মামা আবুল কাশেমের লোকজন গভীর রাতে লাইজুর বসতঘরে হামলা চালায়। এসময় তারা বসতঘর ভাঙচুর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে তারা প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
এদিকে, অভিযোগ অস্বীকার করে আবুল কাশেমের ছেলে মো. বাবুল বলেন, ওয়ারিশি সম্পদ বণ্টন না হলেও ফুফাতো ভাই মিল্লাত দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে আছে। আমরা ওই জমি দখল উদ্ধারের চেষ্টা করেছি। তাদের বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ সত্য নয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page