সৈয়দ মুহাম্মদ জহিরুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ এনামুল হকের নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান ও সুসংগঠিত করতে ৬৬ সদস্য বিশিষ্ট ‘আংশিক নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। গতকাল পটিয়ার রাজনৈতিক অঙ্গনে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এই শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমকে আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শফিকুল ইসলাম শফিককে সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় সূত্র মতে, তৃণমূল পর্যায়ে নির্বাচনী কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পর্যায়ের বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবদের এইb কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও কমিটিতে রয়েছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
প্রার্থী মোহাম্মদ এনামুল হকের সুপারিশক্রমে বিশেষ কয়েকজন দক্ষ নেতা এবং উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবদের সমন্বয়ে এই কমিটি সাজানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে পটিয়ার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন এবং নির্বাচনী মাঠ ঐক্যবদ্ধ রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী নির্বাচনে পটিয়া আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তাঁরা জানপ্রাণ দিয়ে কাজ করবেন এবং ভোটারদের অধিকার রক্ষায় তাঁরা সর্বদা মাঠে থাকবেন।