কলাপাড়ায় আবাসিক এলাকায় অসামাজিক কার্যকলাপ: খদ্দেরসহ দেহ ব্যবসায়ী আটক

কলাপাড়ায় আবাসিক এলাকায় অসামাজিক কার্যকলাপ: খদ্দেরসহ দেহ ব্যবসায়ী আটক

সিয়াম আবদুল্লাহ, কলাপাড়া (পটুয়াখালী)।।

রবিবার (০৮ মার্চ) পটুয়াখালীর কলাপাড়ায় একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই পতিতা ও এক খদ্দেরসহ এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে দুপুর একটার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘরে ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দেহ ব্যবসায়ী সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। এদের মধ্যে সোহাগ হাওলাদারের বাড়ি সলিমপুর গ্রামে হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে তার নিজ বসতঘরে গোপনে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ কারণে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিরক্ত ও অতিষ্ঠ ছিলেন। বিভিন্ন সময় এ বিষয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও দেখা দেয়।
এদিকে শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে যে সোহাগ হাওলাদারের বাড়িতে পতিতা ও খদ্দের অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুই নারী, এক খদ্দের এবং দেহ ব্যবসার সঙ্গে জড়িত সোহাগ হাওলাদারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দুই পতিতা, খদ্দের ও দেহ ব্যবসায়ীকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা আবাসিক এলাকায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page