ঝিনাইদহে আগুনে ভষ্মিভূত রেস্টুরেন্ট, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি
মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া এলাকায় পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে রেস্টুরেন্টটি সম্পুর্ণ পুড়ে যায়। সেসময় ক্ষতিগ্রস্থ হয় ৩ টি প্রাইভেটকার। গেলরাত (শনিবার দিবাগত রাত) ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হয়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে জানায় মালিকপক্ষ।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, রাত ১২ টার দিকে হঠাৎই গ্যাস পাম্পের পিছনের রেস্টুরেন্টে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই তা সম্পুর্ণ রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পুর্ণ নেভানো সম্ভব হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। কারন এখানে আলোকসজ্জার কিছু লাইট ছিল, সেখান থেকেও আগুন ছড়াতে পারে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।