সাতক্ষীরায় স্বাভাবিক রয়েছে জ্বালানি তেল সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান
সাতক্ষীরা প্রতিনিধি ইয়াকুব --সাংবাদিক ও প্রশাসনের নজরদারির কারণে সাতক্ষীরার পাটকেলঘাটাসহ জেলার বিভিন্ন তেল পাম্পে স্বাভাবিকভাবে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। প্রশাসনের তদারকি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জনসাধারণকে কোনো ধরনের গুজব বা আতঙ্কে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় জ্বালানি তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তবে বৈশ্বিক বিভিন্ন সংকটের মধ্যেও সরকার নিয়মিতভাবে তেল আমদানি অব্যাহত রেখেছে এবং দেশের বিভিন্ন ডিপো ও তেল পাম্পে সরবরাহ নিশ্চিত করছে।বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে। এর মধ্যে ডিজেল প্রায় ১৪ দিনের, পেট্রোল প্রায় ১৫ দিনের, অকটেন প্রায় ২৮ দিনের, জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের এবং ফার্নেস অয়েল প্রায় ৯৩ দিনের চাহিদা পূরণে সক্ষম। এছাড়া জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে ইতোমধ্যে ৭টি তেলবাহী জাহাজের এলসি সম্পন্ন হয়েছে এবং এসব জাহাজ পর্যায়ক্রমে দেশের বন্দরে পৌঁছাচ্ছে। একই সঙ্গে আরও দুটি তেলবাহী জাহাজ শিগগিরই দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।জ্বালানি বিভাগ সূত্রে আরও জানা যায়, দেশে বর্তমানে প্রায় ২ লাখ ১ হাজার ৬১০ মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে, যা প্রায় দুই সপ্তাহের বেশি সময়ের চাহিদা পূরণে সক্ষম। একই সঙ্গে পেট্রোল ও অকটেনেরও পর্যাপ্ত মজুদ রয়েছে এবং বিভিন্ন ডিপো থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ পাঠানো হচ্ছে।এদিকে কিছু এলাকায় অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় সরকার সাময়িকভাবে জ্বালানি বিক্রিতে নির্ধারিত সীমা নির্ধারণ করেছে। সে অনুযায়ী মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার, জিপ বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার ট্রাক বা কাভার্ড ভ্যানে ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল সরবরাহ করা হচ্ছে। এই ব্যবস্থা মূলত বাজারে অস্বাভাবিক চাহিদা নিয়ন্ত্রণ এবং সকল গ্রাহকের জন্য সমানভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় সাংবাদিকদের নজরদারি এবং প্রশাসনের সরাসরি তদারকির কারণে তেল পাম্পগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত মজুদের ঘটনা ঘটেনি। পাম্পগুলোতে নির্ধারিত নিয়ম মেনে স্বাভাবিকভাবে তেল বিক্রি করা হচ্ছে এবং সাধারণ মানুষও ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল নিচ্ছেন।কর্তৃপক্ষ সাধারণ মানুষকে অতি উৎসাহিত হয়ে অতিরিক্ত তেল না কিনে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের পরিকল্পিত পদক্ষেপ, নিয়মিত আমদানি এবং প্রশাসনের তদারকির ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং জনসাধারণের কোনো ভোগান্তি হবে না।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)