ডাবের পানি পানের পর অসুস্থ, যুবকের মৃত্যু
কবির হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ডাবের পানি পানের পর অসুস্থ, যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। জাফলং ব্রিজের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত যুবকের নাম ইয়াহিয়া (২৩)। তিনি উপজেলার নাইন্দা হাওর এলাকার বুরহান উদ্দিনের ছেলে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ব্রিজের নিচে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায়ই তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, ইয়াহিয়া নাইন্দা হাওরের একটি তরমুজ ক্ষেত পাহারা দিতেন। শুক্রবার সেহরির পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তারাবির নামাজের আগমুহূর্তে খবর আসে, জাফলং ব্রিজের নিচে তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। উদ্ধারের সময় ইয়াহিয়া জানায়, কেউ তাকে ডাবের পানি পান করিয়েছিল, এরপর থেকেই তার গলায় তীব্র ব্যথা শুরু হয়।
বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার আব্দুল হান্নান জানান, জাফলং ব্রিজের নিচ থেকে উদ্ধার করা ওই যুবককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।