ভোলার চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু, ভাতা পাবে ৪৮৬ পরিবার
খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠ থেকে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
জানা গেছে, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রায় ৯০০ পরিবারের প্রক্সি মিনস টেস্ট (দারিদ্র্য সূচক) নির্ণয় করে তাদের হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে।
এছাড়া ওয়ার্ড কমিটি সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি) এবং রেমিট্যান্স প্রবাহসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে ইউনিয়ন কমিটি এসব তথ্য যাচাই-বাছাই করে।
সবশেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ (ডাবল ডিপিং), সরকারি চাকরি বা পেনশন প্রাপ্তি ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাথমিক পর্যায়ে ২৩৩টি নারী প্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন।
চরফ্যাশনে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
(প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ সোহেল রানা জয়)
(চেয়ারম্যান মোঃ কাজী রায়হান) (০১৬৭৯২৩৫৫৬৮)
(ব্যবস্থাপনা পরিচালক
মোঃ লিটন হোসেন)
(নির্বাহী সম্পাদক মোঃআশিকুর রহমান)
(ডাইরেক্টার মোঃ সাইফুল ইসলাম শাজাহান)
(আইন উপদেষ্টা মোঃ লতিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট)
(আইন উপদেষ্টা শিশির কুমার পাবনা জজ কোট)
মোবাইল নাম্বার (০১৬২২-৬২৬০৯৯)
জিমেইল:sonalinewstv2023@gmail.com
www.sonalinewstv.live
অফিস ঠিকানা :ঢাকা বাংলাদেশ)