মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
মকিবুল মিয়া মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড.ইলিয়াস মোল্লা বলেন, মাদক নির্মূল করতে সরকারকে আমদানি বন্ধ করতে হবে। আমদানি বন্ধ করতে পারলেই মাদক সেবনের হার কমে আসবে। মধুখালীতে মাদকের বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে প্রশাসনের। মধুখালী হাসপাতালে দালাল নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা জরুরি।
সভাপতির বক্তব্যে ইউএনও রওশনা জাহান বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সেবা প্রদান আরও সহজ ও দ্রুত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা রাস্তা সংস্কার, স্কুল-কলেজ সংস্কার, মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ, বাজার ব্যবস্থাপনা, কিশোর অপরাধ প্রতিরোধ , মাদকের বিরুদ্ধে সোচ্চার, অনলাইন জুয়া, বাল্যবিবাহ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
সভায় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহবুব এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মামুন হাসান, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তানজিম নাঈম, মৎস্য অফিসার পবিত্র কুমার, সমাজসেবা অফিসার কল্লোল সাহা, উপজেলা নির্বাচন অফিসার আদেলুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।