রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস বিক্ষোভ
মোঃ সাইদুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে এক ঘণ্টার জন্য মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানিয়েছেন, কারখানায় প্রায় ৪০০ জন শ্রমিক কাজ করেন। তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং আসন্ন ঈদুল ফিতরের বোনাস এখনো পাননি। বুধবার সকালে কারখানায় এসে শ্রমিকরা জানতে পারেন বকেয়া পরিশোধ ১৮ মার্চের মধ্যে হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন।
প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটে যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে মালিকপক্ষ আগামী ১২ মার্চ বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ থানার এসআই হুমায়ূন আহমেদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।