ইউপি নির্বাচনে আলোচনায় পঞ্চগড়ের তরুণ সাংবাদিক নাঈম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ২নং হাফিজাবাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান পদে তরুণ সাংবাদিক মোঃ আবু নাঈমের নাম স্থানীয়দের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।
আবু নাঈমের বাড়ি ইউনিয়নের কামারপাড়া গ্রামে। তিনি বর্তমানে চ্যানেল ওয়ান ও রাইজিংবিডির পঞ্চগড় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পঞ্চগড় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাহিত্য, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে রয়েছেন। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পঞ্চগড় ইউনিটের আজীবন সদস্যও তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে আবু নাঈম ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় অনেকেই তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
তারা মনে করেন, সমাজ বিনির্মাণে সৎ, দক্ষ, শিক্ষিত ও তরুণ নেতৃত্বের বিকল্প নেই। তাই আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে একজন উদ্যমী ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন, যিনি মানুষের সমস্যা বুঝে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে পারবেন। তরুণ নেতৃত্বের মাধ্যমে হাফিজাবাদ ইউনিয়নে উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবে রূপ পাবে।
এ বিষয়ে সাংবাদিক মোঃ আবু নাঈম বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। হাফিজাবাদ ইউনিয়নবাসী যদি আমাকে তাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দেন, তাহলে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি