লাইলাতুল কদরের হৃদয় ছোঁয়া দুআ
মোঃ আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।
হে আমাদের পরম দয়ালু রব, আজকের এই মহামূল্যবান রাতে আমাদের ভাঙা হৃদয়, ক্লান্ত আত্মা, গুনাহে ভরা আমলনামা এবং অগণিত আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আপনি আমাদেরকে ফিরিয়ে নিন আপনার কাছেই, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে আপনার রহমতের চাদরে ঢেকে নিন। হে আল্লাহ, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন।আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের জানা-অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন সব গুনাহ মাফ করে দিন। আমাদের নিজস্ব গাফেলতি, আমাদের নিজ রূহের প্রতি অবহেলা, আমাদের গুনাহের প্রতি দুর্বলতা, আমাদের আপনার কাছে দেরি করে ফিরে আসা এই সমস্ত কিছু আপনার অসীম করুণায় মুছে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাদেরকে ক্ষমা করে দিন।
হে আল্লাহ, আমাদের অন্তরকে শুদ্ধ করে দিন। আমাদের হৃদয় থেকে হিংসা, অহংকার, রিয়া, কপটতা, কঠোরতা, দুনিয়ার মোহ এবং গুনাহের প্রতি টান দূর করে দিন। আমাদের অন্তরকে নরম করে দিন, কুরআনের আলো দিয়ে ভরে দিন, আপনার ভয়, আপনার ভালোবাসা, আপনার স্মরণ এবং আপনার উপর পূর্ণ ভরসায় সজীব করে দিন। আমাদেরকে এমন একটি হৃদয় দিন যে হৃদয় গুনাহে আনন্দ পায় না, বরং আপনার সন্তুষ্টি খুঁজে বেড়ায়।
হে আল্লাহ, আমাদেরকে হিদায়াত দিন, আমাদের পরিবারকে হিদায়াত দিন, আমাদের ঈমানকে দৃঢ় করে দিন। আমাদেরকে এমন জীবন দিন যা আপনার পছন্দনীয়, এমন মৃত্যু দিন যা ঈমানের উপর, এমন হাশর দিন যা আপনার আরশের ছায়াতলে। আগামী এক বছরের তাকদীরে আমাদের জন্য, আমাদের পরিবার ও প্রিয়জনদের জন্য শুধু কল্যাণ, বরকত, নিরাপত্তা, ঈমান, নূর, শান্তি এবং রহমত লিখে দিন। হে আল্লাহ, আগামী এক বছরে আমাদের জীবনে যা কিছু ঘটবে, তা যেন আমাদের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। যেসব বিপদ, ফিতনা, কষ্ট, ক্ষতি, লাঞ্ছনা, চোখের পানি, অশান্তি, দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, রোগ-বালাই, অপমৃত্যু, আগুন, চুরি, জুলুম, জ্বিন-কালো জাদু, বদনজর, শয়তানের কুমন্ত্রণা এসব থেকে আমাদের হিফাজত করুন।
হে আল্লাহ, আমাদের শরীরকে সুস্থ রাখুন, ঈমানকে সুস্থ রাখুন, মানসিক প্রশান্তি দিন, রিজিকে বরকত দিন, সময়কে বরকতময় করুন। যেসব রোগ দৃশ্যমান, যেসব রোগ অদৃশ্য, যেসব কষ্ট এখনো আসেনি, যেসব বিপদ আসমান থেকে নাযিল হয়, যেসব বালা জমিন থেকে বের হয়।সবকিছু থেকে আমাদেরকে নিরাপদ রাখুন। আমাদের ঘরগুলোকে শান্তির ঘর বানিয়ে দিন। আমাদের ঘুমে নিরাপত্তা দিন, আমাদের যাত্রায় নিরাপত্তা দিন, আমাদের সন্তানদের নিরাপত্তা দিন, আমাদের ভবিষ্যৎকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাদেরকে ভালো মানুষের সোহবত দান করুন। এমন মানুষদের কাছে রাখুন, যারা আমাদেরকে আপনার দিকে টেনে নেয়, গুনাহের দিকে নয়; যারা আমাদের ঈমান বাড়ায়, দুনিয়ার মোহ বাড়ায় না; যারা আমাদেরকে কুরআন, সালাত, দুআ, আখিরাত ও তাকওয়ার কথা মনে করিয়ে দেয়। বদসোহবত, ফিতনাময় সম্পর্ক, অন্তর নষ্ট করে এমন সঙ্গ, দ্বীন দুর্বল করে এমন বন্ধুত্ব এসব থেকে আমাদেরকে দূরে রাখুন। আমাদেরকে নেককার, সত্যবাদী, আল্লাহভীরু বান্দাদের সঙ্গ দান করুন।
হে আল্লাহ, আমাদের পরিবারকে রহম করুন। আমাদের মা-বাবার উপর দয়া করুন, তাদের সুস্থতা, ঈমান, শান্তি, ক্ষমা, নিরাপদ আশ্রয় ও জান্নাত দান করুন। আমাদের স্বামী স্ত্রী, সন্তান, ভাইবোন, আত্মীয় স্বজন সবার জন্য রহমত লিখে দিন। আমাদের অন্তরে ভালোবাসা দিন, পরস্পরের হক আদায় করার তাওফিক দিন, ভুল বুঝাবুঝি দূর করুন, সম্পর্ক গুলোতে বরকত দিন। আমাদের পরিবারকে দ্বীনের উপর একতাবদ্ধ রাখুন। আমাদের ঘরে কুরআনের তিলাওয়াত, সালাত, দুআ, সুন্নাহ, লজ্জাশীলতা, আদব, হালাল রিজিক এবং নূর বৃদ্ধি করুন। আমাদের সন্তানদেরকে দ্বীনের শীতলতা দিন, তাদেরকে চোখের শীতলতা বানান, ঈমানদার, নেককার, কুরআনপ্রেমী এবং উম্মাহর উপকারী বানান।
হে আল্লাহ, যাহারা আমাদের জন্য দুআ করেছেন তাদেরকে উত্তম প্রতিদান দিন। যাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, যাদের আমরা ভালোবাসি, যাদের আমরা ভুলে গেছি, যাদের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়েছে সবার উপর রহম করুন। যে সব মৃত মুসলিম কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের গুনাহ মাফ করুন, নূর দান করুন।
হে আল্লাহ, উম্মতে মুহাম্মদীর উপর রহম করুন। পৃথিবীর যেখানেই মুসলমানরা জুলুমের শিকার, ক্ষুধার্ত, গৃহহীন, বন্দী, আহত, এতিম, নির্যাতিত আপনি তাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, মজলুমদের কান্না কবুল করুন, তাদের ভয়কে নিরাপত্তায় বদলে দিন, তাদের ক্ষুধাকে রিজিকে বদলে দিন, তাদের অসহায়ত্বকে শক্তিতে বদলে দিন, তাদের কষ্টের জীবনকে সম্মানে বদলে দিন। জালিমদের কবল থেকে তাদেরকে মুক্তি দিন। যাহারা উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনি তাদের পরিকল্পনা নষ্ট করে দিন।
হে আল্লাহ, শহীদদেরকে সর্বোচ্চ মর্যাদা দিন, আহতদের শিফা দিন, অনাথদের আশ্রয় দিন, মায়েদের বুকের আগুনকে সওয়াবে এবং প্রতিশ্রুতির ওয়াদা দিয়ে ভরে দিন। ইবাদাত, নিরাপত্তা, ইজ্জত ও ইসলামের আলোয় ভরে দিন। হে আল্লাহ, কুদসকে মুক্ত করুন, জালিমদের হাত থেকে মুসলিম ভূমিকে হিফাজত করুন।
হে আল্লাহ, আমাদের বাংলাদেশে শান্তি দিন, রহমত দিন, ন্যায় বিচার দিন, নিরাপত্তা দিন। এই দেশের মানুষদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। ফিতনা, জুলুম, অন্যায়, দুর্নীতি, অশান্তি, বিভক্তি, অনিরাপত্তা ও ইসলামবিরোধী সকল শক্তি থেকে দেশকে ও দেশের মানুষদেরকে হিফাজত করুন। এদেশের মসজিদ, মাদ্রাসা, আলিম উলামা, দ্বীনি কাজ, নেককার মানুষদেরকে এবং ইসলামের দাওয়াতকে কবুল করুন। আমাদের দেশে সত্য, ন্যায়, হায়া, তাকওয়া এবং ইসলামের সৌন্দর্য প্রতিষ্ঠা করুন। আমাদের ভূমিকে ইসলামের জন্য কল্যাণময় ভূমি বানিয়ে দিন।
হে আল্লাহ, সারা পৃথিবীতে ইসলামকে সম্মানিত করুন। মানুষের হৃদয়ে হিদায়াত পৌঁছে দিন। যারা সত্যের সন্ধান করছে, তাদেরকে ইসলাম চিনার তাওফিক দিন। যাহারা ইসলামকে ভুল বুঝে আছে, তাদের অন্তর খুলে দিন। পৃথিবীর সর্বত্র আপনার দ্বীনকে বিজয় দান করুন। হিকমাহ, রহমত, সত্য, ন্যায় এবং নূরের মাধ্যমে।আমাদেরকে সেই দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আমাদের জীবন, আমাদের জ্ঞান, আমাদের সম্পদ, আমাদের সময় সবকিছু আপনার দ্বীনের কাজে লাগার তাওফিক দিন।
হে আল্লাহ, আমাদেরকে এমন বান্দা বানিয়ে দিন, যাহারা আপনাকে ভুলে যায় না। আমাদেরকে এমন চোখ দিন, যা গুনাহের দিকে দৃষ্টি দিবে না, বরং আপনার ভয়েই কাঁদবে। আমাদেরকে এমন জিহ্বা দিন, যা গীবত নয়, আপনার জিকিরে ব্যস্ত থাকবে। আমাদের এমন জীবন দিন, যা অপচয়ে নয়, বরং আপনার জন্য পরিশুদ্ধ ইবাদাতেই ভরে ওঠে। আমাদের শেষ পরিণতি উত্তম করুন। মৃত্যুর সময় কালিমাটা নসীব করুন। কবরকে প্রশস্ত করুন। হাশরের ময়দানে সহজ হিসাব দিন। পুলসিরাত পার করে দিন। আমাদেরকে, আমাদের পরিবারকে, প্রিয়জনদেরকে এবং সমগ্র উম্মাহকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করুন।
হে আল্লাহ, আজকের রাতের একটি দুআও যেন বিফলে না যায়। আপনি আমাদের শুনছেন এই আশাতেই আমরা হাত তুলেছি। আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আপনিই আমাদের জন্য বেস্ট ফ্রেন্ড! আপনিই আমাদের জন্য যথেষ্ট। আপনি আমাদের রব, আপনি আমাদের অভিভাবক, আপনিই আমাদের আশ্রয়দাতা।