বেলাবতে ৭৫০ দরিদ্র পরিবারে ঈদ উপহার দিচ্ছে ‘চলো গড়ি বেলাব’
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো গড়ি বেলাব’ ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত তহবিল থেকে এ বছর বেলাব উপজেলার ৭৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করছে।
সংগঠন সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গত ২৭ দিনের প্রচেষ্টায় প্রায় ৫ লাখ টাকা তহবিল সংগ্রহ করা হয়েছে। দেশে ও বিদেশে থাকা অসংখ্য শুভানুধ্যায়ী স্বতঃস্ফূর্তভাবে এই তহবিলে অবদান রেখেছেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত ‘চলো গড়ি বেলাব’ প্রতি বছর রমজান ও ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করে আসছে। এবছর বেলাব উপজেলার ৭২টি ওয়ার্ডের মোট ৭৫০টি পরিবার ঈদ উপহার পাচ্ছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৫০৪টি পরিবার।
ঈদ উপহার প্যাকেজে রয়েছে পোলাও চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, গুঁড়া দুধ, মাংসের মসলা ও গোসলের সাবান। প্রতিটি প্যাকেজের আনুমানিক মূল্য প্রায় ৫১০ টাকা।
ঈদ সহায়তার পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সময় বৃক্ষরোপণ কর্মসূচি, করোনা মহামারির সময় জনসচেতনতা কার্যক্রম, দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এছাড়া অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে CGB ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা আয়োজন এবং ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তহবিল গঠন ও খাদ্য সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
সংগঠনের এক স্বেচ্ছাসেবক জানান, এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। এ পর্যন্ত সংগঠনের বিভিন্ন উদ্যোগে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।
তিনি সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।