তজুমদ্দিনে এন্টিবায়োটিক রেসিস্টেন্স প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পিং
তজুমদ্দিন প্রতিনিধি
হাসনাইন আহমেদ
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় এন্টিবায়োটিক রেসিস্টেন্স বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এই উদ্যোগে সহযোগিতা করে সামাজিক সংগঠন “আলোর দিশারি”।
ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন গবেষক ও ফার্মাসিস্ট সাকিব আল হাসান রাফি, সৈকত চক্রবর্ত্তী এবং সাদ আল মাসুম,জিহাদ মিঝি সহ নবীন এসোসিয়েশন এর অন্যান্য সদস্যরা। তারা এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় সেবনের ক্ষতিকর দিক এবং রেসিস্টেন্সের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
এসময় স্থানীয় ফার্মেসি মালিকদের জন্যও ঔষধ বিক্রির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে তারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি থেকে বিরত থাকেন এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
সংশ্লিষ্ট ফার্মেসি মালিক ও স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ ধরনের উদ্যোগ তজুমদ্দিন উপজেলার ভঙ্গুর স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, এই প্রকল্পের কার্যক্রম প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন সৈকত চক্রবর্ত্তী ও সাদ আল মাসুম, যাতে এন্টিবায়োটিক রেসিস্টেন্সের বিরুদ্ধে একটি সচেতন সমাজ গড়ে তোলা যায়।