তুচ্ছ বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ২

তুচ্ছ বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, আহত ২

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি |
২৩ মার্চ ২০২৬

তুচ্ছ একটি বিষয়—মোবাইলের টর্চলাইটের আলো। আর সেই ঘটনাকেই কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘটিত হলো প্রাণঘাতী সহিংসতা। ছুরিকাঘাতে নিহত হয়েছেন মুসাব্বির ওরফে বাবলু (২২) নামে এক যুবক। এ ঘটনায় তার দুই বন্ধু মাসাকিন ও সুজন মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের গোজিয়াখাই এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত মুসাব্বির একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বর্ণনায় জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরির সময় অন্ধকারে পথ চলতে গিয়ে মুসাব্বির মোবাইলের টর্চলাইট জ্বালান। এ সময় সড়কের পাশে বসে থাকা তাকবির, তানভীরসহ কয়েকজনের চোখে আলো পড়লে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। শুরু হয় বাকবিতণ্ডা, যা পরে স্থানীয়দের হস্তক্ষেপে সাময়িকভাবে থেমে যায়।
কিন্তু সেই বিরোধ রাতের আঁধারে রূপ নেয় প্রতিশোধে। অভিযোগ রয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোজিয়াখাই এলাকার একটি দোকানে অবস্থানকালে তাকবির, তানভীর, হাসানসহ কয়েকজন অতর্কিতভাবে মুসাব্বির ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই মুসাব্বির মারাত্মকভাবে আহত হন। তার দুই সঙ্গী মাসাকিন ও সুজনও গুরুতর জখম হন।
রক্তাক্ত অবস্থায় স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা দিন দিন বাড়ছে, যা সামাজিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক সংকেত।
নাসিরনগর থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page