বেলাবোতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:
বেলাবো উপজেলায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে এবং মোঃ তৌফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজ সারতাজ জয়েদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিবুর সিদ্দিকী রহমান, বেলাবো থানার তদন্ত কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খালেক মাস্টার, উপজেলা জামায়াতের আমির মোঃ জহির মিয়া, বেলাবো প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বরোচিত হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, অপারেশন সার্চলাইট-এর মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে।
বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।