টেকনাফে অগ্নিসংযোগের মামলাকে ‘মিথ্যা ও পরিকল্পিত’ বলছে জামায়াত, প্রত্যাহারের দাবি

টেকনাফে অগ্নিসংযোগের মামলাকে ‘মিথ্যা ও পরিকল্পিত’ বলছে জামায়াত, প্রত্যাহারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের টেকনাফে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ ও প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা আমীর মো. রফিকুল্লাহ ও সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। একইসঙ্গে টেকনাফ পৌরসভা শাখার সভাপতি রবিউল আলম ও সেক্রেটারি শাহ আলম পৃথক বিবৃতিতে মামলাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিএনপি কার্যালয়ে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। গত ৫ এপ্রিল রাত আনুমানিক ৩টার দিকে সংঘটিত বলে প্রচারিত অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে বলে তারা দাবি করেন।

তাদের অভিযোগ, বিগত জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যেই এ ঘটনা সাজানো হয়েছে। এছাড়া ৭ এপ্রিল টেকনাফ থানায় দায়ের করা মামলাটি রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে রেকর্ড করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, মামলায় যাদের আসামি করা হয়েছে তারা এলাকার সম্মানিত ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত স্বনামধন্য ব্যবসায়ী এবং বিগত নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করেছেন। তাদের সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।

জামায়াত নেতারা অবিলম্বে এ ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page