শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান।
কেশবপুর (যশোর) থেকে
শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন যশোরের কেশবপুরের কৃতি সন্তান মানবিক ডাক্তার কামরুজ্জামান (৫২)। বুধবার সকাল ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া জনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ডাক্তার কামরুজ্জামান খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি সুফলাকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে।
ডাক্তার কামরুজ্জামানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চারিদিকে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহ কেশবপুরে আনলে শেষবারের মতো একনজর দেখার জন্য ছুটে আসেন হাজারো মানুষ। পরিবার, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারি হয়ে ওঠে বাতাস। অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত।
বুধবার এশার নামাজ বাদ কেশবপুর পাবলিক ময়দানে এবং রাত ৯টা ৩০ মিনিটে নিজ গ্রাম হাড়িয়াঘোপে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
ডাক্তার কামরুজ্জামান গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করাসহ সহযোগিতা করতেন। যে কারণে তিনি কেশবপুরবাসীর কাছে হয়ে ওঠেন একজন মানবিক ডাক্তার।