বেতাগীতে অস্বাভাবিক পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মোঃ সোহেল রানা ( বরগুনা )
বরগুনার বেতাগী পৌরসভা কর্তৃক নতুন ধার্যকৃত অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত এবং ইউএনও‘র কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১ টায় সর্বস্তরের পৌর নাগরিকের ব্যানারে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অস্বাভাবিকহারে বৃদ্ধি করা হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত ও ইউএনও‘র কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এসময় বক্তারা দাবি করেন, নতুন ধার্যকৃত অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স অবিলম্বে বাতিল করতে হবে, জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর হোল্ডিং ট্যাক্স পুনর্নিধারণ করতে হবে, সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স কমিয়ে জনসাধারণের জন্য কর পরিশোধযোগ্য করতে হবে, কর বৃদ্ধির আগে সকল শ্রেণি- পেশার মানুষের মতামত নিয়ে পৌরবাসীর আপত্তির শুনানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও নাগরিক সেবা বাড়ানোর নামে একতরফাভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি জনগণের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: রফিকুল আমিন, পৌর বাসিন্দা আব্দুল হাকিম, সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন ও নারী নেত্রী লাবনী আক্তার।