ঠেলাগাড়ি চালক হামিদ মিয়া হত্যায় অবশেষে ধরা পড়ল মূল আসামী
কবির হোসেন,সিলেট প্রতিনিধি।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের তেরানগর ব্রিজের পাশে উদ্ধার হওয়া ঠেলাগাড়ি চালক হামিদ মিয়া হত্যাকাণ্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে তেরানগর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়—তিনি ঠেলাগাড়ি চালক মোঃ হামিদ মিয়া। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পুলিশ রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
দীর্ঘ অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে হত্যাকাণ্ডের মূল আসামী মোঃ সাদিকুর মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সাদিকুর মিয়া উপজেলার নয়াহালট গ্রামের বাসিন্দা এবং আব্দুল অজুদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।