ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: অভিযান চালিয়ে ৫ শ্রমিক আটক
আল মিরাজ
জেলা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলনের সময় পাঁচ শ্রমিককে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা: মোহাম্মদ আলী; মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা: মশিয়ার রহমান; আব্দুল মান্নান (৩০), পিতা: নুর ইসলাম; অলিয়ার রহমান (৪০), পিতা: মফিজ উদ্দিন এবং তারিকুল ইসলাম (২১), পিতা: সাইফুল ইসলাম। তারা সবাই ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়াসহ নদীতীরবর্তী এলাকা ও পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল অভিযান চালিয়ে ভোররাতে ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিককে আটক করে।
আটক শ্রমিকরা জানান, তারা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি পেতেন। তারা আরও জানান, মমিনুর, আনু, আরিফ, হাফিজুল, সম্রাট ও রাকিব নামের কয়েকজনের মালিকানাধীন মেশিনে তারা কাজ করতেন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।