বেলাবোতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শাহিনুর আক্তার
নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর থেকে শুরু হয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। পরে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে কুচকাওয়াজ, শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মতো বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। অনেক স্থানে দোয়া ও মিলাদ মাহফিল এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নরসিংদী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। এ সময় উপস্থিত ছিলেন বেলাবো থানা পুলিশের তদন্ত কর্মকর্তা নাসির উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচি শেষে দেশের স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।