বেতাগীতে গাছবোঝাই বাহী গাড়ি খাদে পরে এক যুবকের মৃত্যু
মোঃ তাকরিম হোসাইন রিয়াদ ( বরগুনা )
বরগুনার বেতাগী উপজেলায় গাছবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে চালক নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দক্ষিণ ছোপখালী এলাকায় মাতুব্বার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাছবোঝাই নসিমনটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা ভারী গাছের নিচে চাপা পড়ে চালক মোহাম্মদ আল-আমিন ঘটনাস্থলেই নিহত হন। নিহত আল-আমিন একই এলাকার ‘সোনার বাংলা’ নামক স্থানের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, “হঠাৎ করেই গাড়িটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। আমরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান।”
স্থানীয়রা জানান, খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বোঝাই ও সড়কের বেহাল অবস্থার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এ সড়কে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব।