দুর্গাপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধভাবে মজুদ ৪০০ লিটার পেট্রোল জব্দ, ১ লাখ টাকা জরিমানা
সাখাওয়াত হাসান বিজয় বার্তা সম্পাদক
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ করার অভিযোগে এক ব্যক্তিকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলার গুলালপাড়া (কানপাড়া) গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ পেট্রোল মজুদ করে তা বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়, যাতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত না হন।
ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।