শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৪

শিবগঞ্জে পরকীয়ার সালিশকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ৪
নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সংক্রান্ত একটি সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
নিহত আনিসুর রহমান শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।
রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।
রবিবার রাতেও বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার মুখে আনিসুর রহমানের পক্ষের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আনিসুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে নেওয়া হলে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page