মধুখালীতে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে চাঁদাবাজির অভিযোগে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ভুয়া ডিবি পুলিশ আটক করেছে মধুখালী থানা পুলিশ। তিনি ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করতেন। গ্রেপ্তার ব্যক্তি হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের আগলাপাড়া গ্রামের আক্কাস আলী শেখের ছেলে মো. ইদ্রিস আলী (২৫)।
মধুখালী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে নওপাড়া ইউনিয়নের খইতলা ব্রিজের পশ্চিম পাশের ইটের সড়কে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছিলেন।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
পরবর্তীতে স্থানীয়রা মধুখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মাসুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মাদকের মামলার ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করতেন।
মধুখালী থানার ওসি ফকির মোহাম্মদ তাইজুর রহমান বলেন, ‘তিনি ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।