আসন্ন জামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব আহসান হাবিব আজাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা

আসন্ন জামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ্ব আহসান হাবিব আজাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা

এস এম সালমান হৃদয়, বগুড়া:

আসন্ন জামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন আলহাজ্ব আহসান হাবিব আজাদ। তিনি সাবেক চেয়ারম্যান মরহুম ডা. ছহির উদ্দিনের পুত্র। এলাকার উন্নয়ন ও জনগণের সেবার লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন এবং ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আলহাজ্ব আহসান হাবিব আজাদ। বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
সম্প্রতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি জামগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের সচ্ছল মানুষদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যদি ইউনিয়নবাসী তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে তিনি জামগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন। এলাকার রাস্তাঘাট, কৃষি উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
এদিকে জামগ্রাম ইউনিয়নের অনেক বাসিন্দা মনে করছেন, একজন সৎ, যোগ্য ও জনগণের পাশে থাকা নেতৃত্বই পারে ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিতে। তারা আশা করছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে জামগ্রাম ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব হবে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আহসান হাবিব আজাদ সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ জামগ্রাম ইউনিয়নকে একটি উন্নত ও আদর্শ ইউনিয়নে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

     এ ক্যাটাগরীর আরো সংবাদ

Our Like Page