পাঁচবিবিতে ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত, সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ রিফাত (২২) নামের এক যুবক।
জানা যায়, গতকাল ডুগরপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে রিফাত তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে গাইবান্ধার বালাসী ঘাট এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় তাদের দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।
নিহত রিফাত পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ঝিনাইল গ্রামের বাসিন্দা এবং মৃত জিয়া উদ্দিনের পুত্র।
এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে মোঃ হাবিবুর রহমান (২২) একই গ্রামের বাসিন্দা, তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত মোঃ জিহাদ (২২) বয়ড়া গ্রামের বাসিন্দা, তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য এক আহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
রিফাতের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক। আজ যোহরের নামাজের পর তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন।
স্থানীয়রা জানান, ঈদের সময় সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রবণতা বেড়ে যায়, যা এমন মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ।