ঘিওরে আল মুমিন ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকা জরিমানা
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রবিবার আল মুমিন ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
রবিবার ( ৫ এপ্রিল ) দুপুরে ঘিওর উপজেলার হেলিপ্যাড সংলগ্ন, বাইরে থেকে বন্ধ থাকা আল মুমিন ব্যাটারি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যাটারির বিষাক্ত রাসায়নিক পদার্থ পুড়িয়ে ও গলিয়ে সীসা বার উৎপন্ন করতে দেখা যায়। এ কারখানায় না ছিল পরিবেশ অধিদপ্তর এর অনুমতি, না ছিল সামান্য বর্জ্য ব্যবস্থাপনা। এছাড়াও পরিবেশ, বায়ু দূষণ ও স্বাস্থ্যহানীর সকল উপাদান এখানে ভয়াবহ আকারে বিদ্যমান ছিল।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম বলেন, কারখানাটিতে পরিবেশ ও বায়ু দূষণকারী ভয়াবহ সব বিষাক্ত উপাদান বিদ্যমান ছিল, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। এসব অপরাধে ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি কারখানার সকল রাসায়নিক উপকরণ দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।