মণিরামপুরে ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।
আবু জাহেদ ইমন
নিজস্ব প্রতিনিধি
মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমিত্রা কর্মকার (৬০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেহালপুর পুলিশ ক্যাম্প।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে নেহালপুর পুলিশ ক্যাম্পের নবাগত ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ এনায়েতপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে সুমিত্রা কর্মকারের নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক সুমিত্রা কর্মকার ওই গ্রামের রনজিত কর্মকারের স্ত্রী বলে জানা গেছে।
এ বিষয়ে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, আটককৃত সুমিত্রা কর্মকারের বিরুদ্ধে মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।