গলার হাড় ভেঙে মৃত্যুঝুঁকিতে দিনমজুরের রুবেল, বাঁচতে সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তার আবেদন।
তানজিল মাহমুদ সিয়াম লক্ষ্মীপুর জেলা (প্রতিনিধি)
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বয়াতি বাড়ির বাসিন্দা মো. রুবেল (২৮) বর্তমানে মৃত্যুঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন। দিন এনে দিন খায় এই শ্রমজীবী যুবকই তার ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
জানা যায়, দিনমজুরের কাজ করতে গিয়ে কোনো এক সময় রুবেলের গলার হাড় ভেঙে যায়। প্রথমদিকে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরও তার জটিল রোগ শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সেখানে এমআরআই পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, রুবেলের গলার হাড় ভেঙে গেছে এবং তার মস্তিষ্কের গুরুত্বপূর্ণ দুটি রগ ভাঙা অংশের সঙ্গে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে তিনি ব্রেইন স্ট্রোকের শিকার হতে পারেন, এমনকি মৃত্যুঝুঁকিও রয়েছে।
চিকিৎসকদের মতে, তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চিকিৎসার খরচ জোগাতে নিজের ভ্যানগাড়ি, গরু, ছাগল, হাঁস-মুরগিসহ সহায়-সম্বল বিক্রি করে প্রায় ২ লাখ টাকা সংগ্রহ করেছেন তিনি। তবে এখনও আরও প্রায় ২ লাখ টাকার প্রয়োজন।
অসহায় রুবেল সমাজের বিত্তবান, প্রভাবশালী ব্যক্তি ও দেশবাসীর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। মাথা গোঁজার ঠাঁইটুকুও তার নিজের নয় বলে জানা গেছে।
মানবিক আর্থিক সহায়তা পাঠানোর জন্য ভুক্তভোগীর পার্সোনাল বিকাশ/নগদ নাম্বার।
01783 – 70 94 31
মানবতার হাত বাড়িয়ে দিয়ে একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।