জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির দায়ের করা কথিত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি
রবিবার সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মামলা প্রত্যাহার এবং নিরপরাধ দোকানদারের মুক্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে আটাপাড়া রেলগেট দোকান মালিক ও বাজার কমিটি।
মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, গত ৮ মে আটাপাড়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুর রশীদ ওষুধ কিনতে যান আব্দুল হাকিমের দোকানে। এ সময় তিনি ওষুধের দাম কম দিতে চাইলে হাকিমের ছেলে আবু ইউসুফ ছাব্বির কম দামে বিক্রি করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই বিজিবি সদস্য “তোকে দেখে নেব” বলে চলে যান বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, পরদিন রাত সাড়ে ১০টার দিকে বাবা-ছেলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বিজিবি সদস্যরা তাদের পথরোধ করেন। এ সময় বিজিবি সদস্যরা নিজেদের পকেট থেকে নেশাজাতীয় ইনজেকশন বের করে উদ্ধারের দাবি করেন বলে অভিযোগ ওঠে। পরে আব্দুল হাকিম ও তার ছেলে আবু ইউসুফ ছাব্বিরকে আটাপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর হাকিমকে ছেড়ে দেওয়া হলেও ছাব্বিরকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হয়। পরদিন তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মানববন্ধনে আব্দুল হাকিম তার ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এ সময় বক্তব্য দেন স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম হোসেন, হোটেল শ্রমিক ইয়াদুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।