বেলাবতে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবীকে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড
শাহিনুর আক্তার
বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবো থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৭ মে, ২০২৬) বেলাবো থানা এলাকায় এই সফল অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ধৃত আসামীদের পৃথক মোবাইল কোর্ট মামলার মাধ্যমে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে বাজনাব গ্রামের মৃত কামরুজ্জামান খন্দকারের ছেলে মোঃ জাকির হোসেন খন্দকারকে (৫৬) ৫ দিনের কারাদণ্ড, বেলাবো গাংকুলপাড়ার মিয়ার উদ্দিনের ছেলে পিয়ার আলীকে (৪৫) ৩ মাসের কারাদণ্ড এবং বেলাবো টেকপাড়ার নুরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনকে (২৬) ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বউ বাজার এলাকার সাদেক মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (২৮) এবং একই এলাকার শাহ আলমের ছেলে বিজয় আহম্মেদ জয়কে (২০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯(১)(গ) ধারা লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামীদের মাদক সেবনের অপরাধে হাতেনাতে গ্রেফতার করে। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ৫ আসামীকেই যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে বেলাব থানা পুলিশের এই কঠোর অভিযান সামনেও অব্যাহত থাকবে।