গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বেলাবোতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর বেলাবো উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে “সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুম, বেলাবো, নরসিংদীতে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, বেলাবো, নরসিংদী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী আতাউর রহমান সানি,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে হাফসা নাদিয়া।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নিলু,সাধারণ সম্পাদক আমিনুল হক ও বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সেবা গ্রহণের পদ্ধতি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।