জয়পুরহাটে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট উদ্ধার
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে মালিকবিহীন ১৮ হাজার ৫৮২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ৫৯০ পিস মমোসা ট্যাবলেট। যার আনুমানিক সিজার মূল্য ৫৬ লাখ ৯০০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলগত অভিযান পরিচালনা করে আসছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কালাই উপজেলার করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট মজুদ রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে গত ১৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ মহসিন বয়ানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল পৃথক দুইটি অভিযানে অংশ নেয়। অভিযানে র্যাব-৫ এর সিপিসি-৩ এর সদস্যদের সমন্বয়ে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস ও করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বিশেষ যৌথ তল্লাশি চালানো হয়।
তল্লাশি অভিযানে স্থানীয় বাজার কমিটির সদস্য মোঃ মোস্তা হাসান ও মোঃ শামীম তালুকদার, এস এ পরিবহনের ম্যানেজার নাজমুল হাসান, পার্সেল সহকারী মোঃ শাহারিয়ার কবির, করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মোঃ ফারুক আহমেদসহ বিএসবি ও আরআইবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে উদ্ধার করা অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, বর্তমান যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এমন মাদক ও অবৈধ দ্রব্য প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।
সীমান্ত নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।