হাকিমপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলৎকারের অভিযোগ, গ্রেফতার
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের কদুবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশ পেলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে আটক করে।
খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।