ধুকুরিয়ায় উঠান বৈঠক: মেম্বার পদে নির্বাচন করবেন মনিরুল ইসলাম
মো: সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া ৮নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন মেম্বার পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) ধুকুরিয়া গার্লস স্কুল মাঠে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার যুবক ও মুরুব্বিদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় মনিরুল ইসলাম জানান, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, জন্মসনদ, চারিত্রিক সনদসহ ইউনিয়ন পরিষদের সকল সেবা সহজ ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, ৮নং ওয়ার্ড একটি কৃষি ও তাঁতশিল্প নির্ভর এলাকা। এ খাতের উন্নয়নে সরকারি যেকোনো অনুদান সঠিকভাবে বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
এলাকার উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।