হিলি সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কড়া অবস্থান
মোঃ মাসুম রেজা
জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের হিলি সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের একটি প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, আজ ০৬ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ ঘাসুরিয়া বিওপির মাধ্যমে তথ্য পাওয়া যায় যে, সীমান্ত পিলার ২৮৮-এর কাছাকাছি ভারতের অভ্যন্তরে অবস্থিত ‘জোড়া গাছ’ নামক এলাকায় নর্থ আগ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৪ থেকে ৫ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে।
এ সময় দায়িত্বপ্রাপ্ত বিজিবি টহল দল দ্রুত ও জোরালো প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির সক্রিয় অবস্থানের কারণে ওই ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয় এবং পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
ঘটনার পরপরই জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে ঘাসুরিয়া বিওপি এবং মংলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবি সীমান্তে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে।